parbattanews

চিকিৎসাধীন শহীদ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন।উনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এসময় তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন তিনি। সেই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তাও তুলে দেন মীর মুগ্ধের পরিবারের হাতে। দায়িত্ব নেন চিকিৎসারও।

এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা:আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা: মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা:সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা: সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাঃ এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো:আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

Exit mobile version