পার্বত্যনিউজ রিপোর্ট:
২০১৩ সালে চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে বলে মতৈক্য পত্রে সন্তু লারমা স্বাক্ষর করেছেন। অবশিষ্ট ধারা সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। গত ২৬ মে’১৪ তারিখে চুক্তি অনুযায়ী স্থানীয় মাধ্যমিক শিক্ষা বিভাগকে পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে। কাজেই শান্তিচুক্তি বাস্তবায়িত হয়নি বললে আমাদের প্রতি অবিচার করা হবে।
মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার।
তিনি আরো বলেন, পার্বত্য চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে (জেএসএস নেতৃবৃন্দ) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত করার দাবী জানানো হয়েছে। যা চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। তিনি স্ববিরোধীতার রাজনীতি পরিহার করে ইতিবাচক ও জনকল্যানের রাজনীতিতে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুকে দৈহিক ভাবে হত্যা করা হলেও, তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকেরা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমরা।
নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন, তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত ৩৩নং আসনের মহিলা এম পি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগ নেতা সাখাওয়াৎ হোসেন রুবেল, নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল বারী শেখ, সাধারন সম্পাদক মোঃ আবদুর ওহাব, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জ্ঞানো প্রিয় চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন দাশ প্রমুখ।
