parbattanews

শিক্ষক সংকট নিরসন ও কলেজ বাসসহ ছাত্রাবাস চালুর দাবিতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি:
শিক্ষক সংকট নিরসন, কলেজ বাস ও ছাত্রাবাস চালুসহ কলেজের অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের কলেজ গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ গেইটে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ছাত্র প্রদীপন চাকমা, দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবেশ চাকমা ও সংহতি বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের টেকনিক্যাল কলেজ শাখার সহ-সভাপতি মেরিন চাকমা।

বক্তরা অভিযোগ করে বলেন, কলেজটি সুুদীর্ঘ ৪১ বছর অতিক্রম করলেও এখনো নানা সমস্যায় জর্জরিত। কলেজে নেই কোন পর্যাপ্ত পরিমাণ শিক্ষক, নেই কোন কলেজ বাস। কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস থাকলেও বর্তমানে সেখানে শিক্ষকরা বসবাস করেন। ফলে দূর থেকে আসা ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, কলেজের ছাত্র-ছাত্রীদের চিত্তবিনোদন এবং মেধাবিকাশের জন্য কোন লাইব্রেরী নেই। নেই কোন কমন রুমও। ফলে কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ছে না। বক্তারা অবিলম্বে উক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এদিকে মানববন্ধন কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্য কলেজের অধ্যক্ষ ড: নুরুল হাকিম ও নাসির উদ্দীনসহ কয়েকজন শিক্ষক সকাল থেকে তৎপর ছিল। মানববন্ধনটি সকাল ১০টায় করার কথা থাকলেও অধ্যক্ষের বাধার কারনে যথা সময়ে করতে পারেনি ছাত্ররা। অধ্যক্ষের এই ধরনের কার্যকলাপ তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা।

Exit mobile version