স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে যে সাম্প্রদায়িক উন্মাদনা চলছে তার দায় শাসকগোষ্ঠী এড়াতে পারে না। জনগণের ন্যায্য গণতান্ত্রিক দাবী পূরণে ব্যর্থ হয়ে শাসক দলগুলো জনগণকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয়। এতে জনগণের মূল দাবীকে সাময়িক আড়াল করা যায়। জনগণের দাবী পূরণ করতে হলে এই সম্প্রদায়িকতাকে মোকাবেলা করা ছাড়া জনগণের গত্যন্তর নেই। সবিতা চাকমা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং এই ঘটনাকে সাম্প্রদায়িকতা রূপ দেয়ার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, নারী হত্যা-ধর্ষণ-নির্যাতন একটি জঘন্য অপরাধ, এটি পহাড়ী বা বাঙ্গালীর সাম্প্রদায়িক বিষয় হতে পারে না। এটি গোটা নারী সমাজের উপর আক্রমণ বলে আমরা মনে করি। নারী নির্যাতনকারীদের সাম্প্রদায়িকতা দিয়ে বিচার করা যায় না। সমাবেশে বক্তারা সবিতা চাকমা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবী জানান। এছাড়াও বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন বন্ধ ও সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানান।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক টুকু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, উইম্যানস রিসোর্স নেটওয়ার্ক’র এ্যড. সুস্মিতা চাকমা ও লালসা চাকমা, সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য বোধি সত্ব চাকমা, সিএইচটি ওন নেত্রী নাই এ প্রু মারমা মেরি, ব্লাস্ট এর পক্ষে এ্যাড. জুয়েল দেওয়ান, মারমা স্টুডেন্ট কাউন্সিলের চাইথোয়াই মারমা প্রমুখ।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সবিতা চাকমা হত্যাকারীদের আড়াল করার জন্য ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসন এহত্যা মামলা হতে সন্দেহভাজন আসামীদের নাম বাদ দিয়েছে। যার ফলে সবিতা চাকমা হত্যাকান্ডের সুষ্ঠ বিচার ব্যাহত হবে। যা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক।
