parbattanews

সম্পর্ক জোরদারে সউদী আরবে অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠাল ভারত

ভারতের স্বাধীনতার পর এই প্রথম সউদী আরবে একজন অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা একটি অলিখিত কূটনৈতিক প্রথা থেকে সরে এসে নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিজ্ঞ কূটনীতিক বিপুল রিয়াদে দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৯৮ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিসের এই কর্মকর্তা বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি খুব শিগগিরই সউদী আরবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

এত দিন সউদী আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হতো। একইভাবে জেদ্দায় ভারতের কনসাল জেনারেল পদেও মুসলিম কর্মকর্তাদের নিয়োগের একটি অলিখিত রীতি প্রচলিত ছিল। এর পেছনে প্রধান কারণ ছিল হজ ব্যবস্থাপনা। প্রতি বছর বিপুলসংখ্যক ভারতীয় মুসলিম হজ পালনের জন্য সউদী আরব সফর করেন এবং সেই পুরো প্রক্রিয়ার সমন্বয়ে রিয়াদ ও জেদ্দায় অবস্থিত ভারতীয় মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও সউদী আরবের সম্পর্কের পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। দুই দেশের সহযোগিতা এখন শুধু জ্বালানি ও ধর্মীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার হয়েছে।

কূটনীতিক বিপুলের উপসাগরীয় অঞ্চলে কাজ করার প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি কায়রো, কলম্বো, জেনেভা এবং দুবাইয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নয়াদিল্লিতে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় অঞ্চলের যৌথ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারতের আইআইটি দিল্লি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ইন্ডিয়ান স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং ভারত-সউদী সম্পর্কের পরিবর্তিত বাস্তবতারও প্রতিফলন। দুই দেশের সম্পর্ক যেভাবে কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে, তাতে অভিজ্ঞ কূটনীতিক বিপুলের নেতৃত্বে রিয়াদ ও নয়াদিল্লির সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই প্রেক্ষাপটে সউদী আরবে প্রথমবারের মতো একজন অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগকে ভারতের কূটনৈতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেও দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।

তথ্যসূত্র : গালফ নিউজ

Exit mobile version