parbattanews

সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যদি শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের কোনো লুকোচুরি নাই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে, যারা খুন করছে শুধু তারা না, এই খুনের পেছনে যারা রয়েছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে, যেই চার্জশিট বা যারা এই খুনের পেছনে রয়েছে, তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই।‘

আবদুল্লাহ জাবের বলেন, ‘আজকে ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই, যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদেরকে এইটুকুও জানাতে সক্ষম হয়নি যে, আসলে খুনিটা কই আছে? এবং এর পেছনে কারা কারা রয়েছে?’

এর আগে, জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন আবদুল্লাহ আল জাবের। তাঁর বক্তব্য শেষে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। এতে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Exit mobile version