parbattanews

সাজেকের সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হলেন বিদেশী কূটনীতিকবৃন্দ

m

আলমগীর মানিক,রাঙামাটি:
বাংলাদেশের দার্জিলিং খ্যাত পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ির সবুজ বনানী ঘেরা পাহাড়ী জনপদ দুর্গম সাজেকের সৌন্দর্য দেখে গেলেন বাংলাদেশস্থ ১০ দেশের ডিফেন্স কাউন্সিলর ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ ৩২ জনের বিদেশী একটি টিম। বুধবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে দুর্গম সাজেকে পৌছেন তারা, এসময় স্থানীয় লুসাই সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতির স্বকীয়তা প্রকাশের মাধ্যমে আগত কূটনীতিকদের অভ্যর্থনা জানান। আগতদের মধ্যে ছিলেন, রাশিয়া, ইউএসএ, ভারত, নেপাল, সৌদি আরব, মিয়ানমার, পাকিস্তান, টার্কি, চীন ও জাম্বিয়ার প্রতিনিধি। এসময় কূটনীতিকদের সাথে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও।
সফরকারী সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, রাশিয়ার সেনাকর্মকর্তা কর্ণেল দিমিত্রী মইচিভ। সফরকারীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দাসংস্থার ১০জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন।

সাজেক পৌঁছার পর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি শামশুল ইসলাম তাদের স্বাগত জানান। এসময় দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল লোকমান আলী ও মারিশ্যা বিজিবি জোন অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

আগত দেশী-বিদেশী অতিথিদের সম্মানে সাজেক লুসাই শিল্পীগোষ্ঠী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় লুসাই শিল্পিরা সংগীত ও নৃত্য পরিশেন করেন। দুর্গম সাজেকের প্রাকৃতিক পরিবেশ, লুসাই শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং তাদের আতিথীয়তার প্রশংসা করেন বিদেশী সেনা কর্মকর্তারা।

রুইলুই পাড়ার হেডম্যান লাল থাংয়া লুসাই জানান, বিদেশী অতিথিরা আমাদেরকে দেখতে আসায় আমরা খুশি। তিনি জানান, গত ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদেরকে দেখতে এসেছিলেন। শেখ হাসিনা সাজেকের প্রাকৃতিক পরিবেশ দেখে সাজেককে পর্যটন এলাকা হিসাবে উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই নানা প্রকার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে সাজেককে বর্ণিল সাজে সাজাতে উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে সাজেকের মানুষ সর্বক্ষেত্রে উপকৃত হবে বলে জানান তিনি।

Exit mobile version