রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গণ্ডারামছড়া এলাকায় পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও জেএসএস সন্তু লারমা গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় রোমিও ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই বন্দুক যুদ্ধ সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
সাজেক ইউনিয়নের সিয়ালদাহ লুই এলাকার মেম্বার জোপ্পুইথাং ত্রিপুরা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০-৩০০ রাউন্ড গুলাগুলির শব্দ শোনা যায়। এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌঁড়ে ঘরে যাওয়ার পথে রোমিও ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির সিয়ালদাহ লুই বিওপিতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গুলাগুলির বিষয়টি শিকার করে বলেন, আহত শিশুটির চিকিৎসার জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে ইউপিডিএফ।
এদিকে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন। ফলে সাজেকসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজড়দারী বাড়ানো হয়েছে। এর মধ্যেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে ভয়াবহ এই বন্দুক যুদ্ধের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
