রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম শিয়ালদাহ পাড়ায় পাহাড় থেকে নামতে গিয়ে পাথরের সংগে আঘাত লেগে মারাত্মক আহত হওয়া নমি ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি।
৩০ সেপ্টেম্বর বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় ৯ বছর বয়সী মুমূর্ষ শিশু নমি ত্রিপুরাকে পাহাড়ের গভীর খাদ থেকে উদ্ধার করে চিকিৎসা দেয় বিজিবির মেডিকেল টিম।
শিশুটির বাবা কান্তি ত্রিপুরা জানায়, দুপুরে বাবা মায়ের সাথে জুমে সবজি আনতে যায় নমি। এসময় পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে গড়িয়ে নিচে পড়ে পাথরের সাথে আঘাত পেয়ে মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলে নমি। পরে শিশুটির মায়ের চিৎকার শুনে গ্রামের লোকজন দৌড়ে গিয়ে রক্তাক্ত নমি ত্রিপুরাকে উদ্ধার করে।
আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় পাশের বিজিবি বিওপিতে নিয়ে আসে। পরে বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ ব্যাটালিয়ন সদরে মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এলাকাবাসী জানান, দূর্গম এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবি একমাত্র ভরসা। সময়মত শিশুটি চিকিৎসা না পেলে জীবন বাঁচানো দুরূহ হয়ে পরত। তাই বিজিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ, এর আগেও এধরণের মুমূর্ষু বহু রোগীর জীবন বাচাঁতে চিকিৎসা দিয়েছে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন।
