parbattanews

সালাহউদ্দিনকে দৃশ্যমান করার দাবিতে ১৫ মার্চ কক্সবাজারে হরতাল

Coxs BNP press briefing copyস্টাফ রিপোর্টার:

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে দৃশ্যমান করার দাবীতে তিন দিনের কর্মসূচী ঘোষণা করেছে কক্সবাজার জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সালাহ উদ্দিন আহমদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে গেছে। ইলিয়াছ আলীর মতো গুম করার জন্য তারা এখন অস্বীকার করছেন। এটা কোন গণতন্ত্র নয়। ’৭১ সালে এজন্য মুক্তিযুদ্ধ হয় নি।

তিনি আরও বলেন, সালাহ উদ্দিন আহমদকে দৃশ্যমান করার দাবীতে বিএনপি বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল পালন করবে। শনিবার জেলার ৮ উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এরপরও সালাহ উদ্দিন আহমদকে আদালতে হাজির অথবা ফেরৎ দেয়া না হলে ১৫ মার্চ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সম্পাদক শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version