parbattanews

সিরাজগঞ্জে সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে নজর কেড়েছেন সমর্থকরা। বুধবার (১৭ জুন) দুপুরে গ্রামে প্রবেশ করলেই সড়কের পাশে চোখে পড়ে দীর্ঘ এ পতাকা।

আর্জেন্টিনা সমর্থকদের দাবি, গ্রামের সড়কজুড়ে টাঙানো পতাকার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার ফুট। তাদের ভাষ্য, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন।

সমর্থকরা জানান, আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে গ্রামবাসীদের আপ্যায়ন করা হবে।

গ্রামের আর্জেন্টিনা সমর্থক রিফাত, অন্তর ও হানিফ বলেন, প্রথম ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে লিওনেল মেসির গোলগুলো ছিল দৃষ্টিনন্দন। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা ভীষণ আনন্দিত। আমাদের বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।

আরেক সমর্থক নয়ন আলী বলেন, আর্জেন্টিনা আমাদের আবেগ, ভালো লাগা ও ভালোবাসার নাম। প্রবাসী ভাইদের সহযোগিতায় এবার সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা টাঙানো হয়েছে। আগামী বিশ্বকাপে এর দৈর্ঘ্য ছয় হাজার ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে তাদের বাজেট ছিল ২০ হাজার টাকা, যা পরে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এই অর্থ দিয়ে রাতে গ্রামবাসী ও আর্জেন্টিনা সমর্থকদের জন্য খাবারের আয়োজন করা হবে। পাশাপাশি দলটি ফাইনালে উঠলে মহিষ জবাই করে সবাইকে খাওয়ানোর পরিকল্পনাও রয়েছে।

Exit mobile version