parbattanews

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি এলাকা ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মাঝে আজ ১৭ জুন হতে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালন করা হয়েছে। পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ অভিযান সাজেক ও রুপকারী ইউনিয়নে চলমান থাকবে।

উক্ত কর্মসূচিতে ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী তিন লক্ষ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে বছরব্যাপী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

উক্ত বৃক্ষরোপণ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান। পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অন্যান্য এলাকার মতো এই এলাকাতেও অব্যাহত থাকবে।

Exit mobile version