কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে জোয়ারে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্র সৈকত এলাকা থেকে এই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকালে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া জোয়ারের সময় ভেসে আসলে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, সকালে জোয়ারের সময় অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। তবে এখনো পরিচয় জানা যায় নি। ধারণা করা হচ্ছে সমুদ্রের কোনো দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সেন্টমার্টিনদ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় জানা যায় নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এ নিয়ে দুই দিনের ব্যবধানে টেকনাফ ও উখিয়ায় ভেসে এলো ৩টি অর্ধগলিত মরদেহ। গত বুধবার টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে এক নারীর মরদেহ ভেসে আসে। গতকাল বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
