parbattanews

সৌদি আরবকে ১৯৬ কোটি ডলারের উন্নত সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১ দশমিক ৯৬ বিলিয়ন (১৯৬ কোটি) মার্কিন ডলার মূল্যের উন্নত প্রিসিশন-গাইডেড রকেট সিস্টেম এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ফরেন মিলিটারি সেলস (এফএমএস) কর্মসূচির আওতায় এই সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি অনুযায়ী, সৌদি আরব ১০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং আরও ১০ হাজার এপিকেডব্লিউএস-টু (APKWS II) এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কেনার অনুরোধ জানিয়েছে।

প্রস্তাবিত চুক্তিতে গাইডেন্স সিস্টেমের পাশাপাশি এলএইউ-১৩১ এ/এ লঞ্চার, এমকে-১৫২ হাই-এক্সপ্লোসিভ ওয়ারহেড, এমকে-৬৬ রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ, ডব্লিউটিইউ-১/বি প্র্যাকটিস ওয়ারহেড এবং ইনার্ট এমকে-৬৬ রকেট মোটরসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এই প্যাকেজে টেস্ট সাপোর্ট ও লঞ্চিং সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ, মেরামত সরঞ্জাম, কারিগরি নথিপত্র, সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, চুক্তির আওতায় মার্কিন সরকার ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, কারিগরি, লজিস্টিক এবং প্রোগ্রাম সাপোর্ট সেবাও প্রদান করা হবে।

এই প্রস্তাবিত অস্ত্র বিক্রির মোট সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে এটি বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

Exit mobile version