বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাখাইন বিদ্রোহীদের বসানো স্থলমাইনে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেলে আহত হাতিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান নেয়। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।

তিনি পার্বত্যনিউজের এ প্রতিবেদকে বলেন,খবর পেয়ে তিনি দ্রত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান একটি বন্যহাতি সেখান আটকে পড়েছে। হাতিটির ডান পায়ে গোড়ালির একটি অংশ নেই। ধারণা করা হচ্ছে মিয়ানমারের ওপারের সীমান্তে স্থলমাইনে হাতিটি আহত হয়। বিষয়টি তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি জানতে পেয়েই তাৎক্ষণিক বনবিভাগরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। বন্য এ হাতিটিকে কী করা যায় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
স্থানীয় চেরারমাঠের অধিবাসী আবদুস সালাম এ প্রতিবেদককে বলেন, হাতিটি মিযানমারের না বাংলাদেশের চিহ্নিত করা যাচ্ছে না। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি মিয়ানমার খাবারের সন্ধানে যায়। সন্ধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসে। হয়ত সন্ধ্যায় নিজ আবাসস্থল বাংলাদেশে ফিরে আসার সময় মিয়ানমারের বসানো স্থল মাইনে তার পায়ের গোড়ালি উড়ে গেছে। আহত হয়ে বাংলাদেশের চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান নেয় হাতিটি। এটি কাউকে হামলা করতে পারছে না। দুর্বল হয়ে পড়ে।
