parbattanews

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়-এটি মানুষের মৌলিক অধিকার। দেশের লাখো মানুষের জন্য এখনো চিকিৎসা পাওয়া এক অসম লড়াই, আর সেই বাস্তবতা বদলাতেই এই উদ্যোগ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, আর সেবার বণ্টনও অসম। মানসম্মত চিকিৎসা পাওয়ার অধিকার এখনও লাখো মানুষের কাছে প্রতিদিনের সংগ্রাম। মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ।

ঢাকা-১৭ এলাকার মানুষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কড়াইল, ভাষানটেক, সাততলার মানুষ এই শহরকে সচল রাখে। পোশাকশিল্প, নির্মাণ সবখানে তাদের শ্রম। অথচ তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এসব এলাকার মানুষ যাতে আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

স্থানীয় বাস্তবতার একটি চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, এই এলাকাগুলোর প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভর করে। তারা অসুস্থ হওয়ার সুযোগ পায় না— কারণ অসুস্থতা মানেই আয় বন্ধ।

নতুন এই উদ্যোগের লক্ষ্য ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা চাই নবজাতক থেকে বয়স্ক-সবাই যেন সহজে চিকিৎসা পায়, অন্তঃসত্ত্বা মায়েরা জটিল সমস্যার চিকিৎসাও দ্রুত পেতে পারেন। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবা তাদের হাতের নাগালে থাকতে হবে।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।

Exit mobile version