parbattanews

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালিত

IMG_6877

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার সাবেক সাংসদ, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ বিএনপি’র ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে রামগড় থানায় ২০০১ সালের বিবরণে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা বিএনপি’র ডাকে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

 

সড়ক অবরোধকে ঘিরে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুর-পাল্লার কোন যান চলাচল করতে দেখা যায়নি। জেলার ৯টি উপজেলায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার সকালে অবরোধের সমর্থনে, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কড়া পুলিশী নিরাপত্তার মধ্যে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র ডাকে সড়ক অবরোধ কর্মসূচী খাগড়াছড়িবাসী স্বত:স্ফূর্ত ভাবে পালন করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দেন।

Exit mobile version