parbattanews

হরমুজে টোল ইরানি মুদ্রায় নেওয়ার প্রস্তাব, নতুন সমীকরণের ইঙ্গিত তেহরানের

ছবি সংগৃহীত।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ট্রানজিট ফি বা টোল ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে আদায়ের প্রস্তাব দিয়েছে দেশটির সংসদীয় একটি কমিটি। শুক্রবার মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, প্রস্তাবটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এটি কার্যকর হলে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মার্কিন ডলারের প্রভাব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই ইরানের এই উদ্যোগ। এ ক্ষেত্রে চীনের সঙ্গে দেশটির দীর্ঘদিনের অবস্থানও প্রাসঙ্গিক।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করলে টোল আদায়ের বিষয়টি সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় অনানুষ্ঠানিকভাবে কিছু জাহাজের কাছ থেকে চীনা মুদ্রা ইউয়ানে ফি নেওয়া হয়।

‘লয়েডস লিস্ট’-এর তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালে ঠিক কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা নিশ্চিত না হলেও, গত ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই পদ্ধতিতে ফি দিয়েছে বলে জানা গেছে।

এখন প্রস্তাবিত উদ্যোগের মাধ্যমে ফি আদায়কে আইনি কাঠামোর মধ্যে আনা এবং ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে ইরান। তবে সামরিক উত্তেজনার এই প্রেক্ষাপটে এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Exit mobile version