parbattanews

হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিয়ে ফিরিয়ে দিল ইরান

ছবি সংগৃহীত।

হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশের চেষ্টার অভিযোগে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিয়ে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার ( ২৮ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে একটি নির্ভরযোগ্য সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, কয়েক ঘণ্টা আগে মার্কিন তেলবাহী ট্যাংকারটি ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা চালায়। বিষয়টি শনাক্ত করার পর আইআরজিসি নৌবাহিনী দ্রুত অভিযান শুরু করে।

একপর্যায়ে ইরানি বাহিনী ট্যাংকারটির উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ে। এতে জাহাজটি থামতে বাধ্য হয় এবং পরে এলাকা ত্যাগ করে পিছু হটে বলে দাবি করা হয়েছে।

সামরিক সূত্রটি আরও জানায়, ঘটনার পর মার্কিন বাহিনী বন্দর আব্বাস নগরীর কাছে একটি উন্মুক্ত স্থানে পাল্টা গুলি চালায়। এর আগে ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরই অংশ ছিল বলে উল্লেখ করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বন্দর আব্বাসের পূর্বাঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কড়া নজরদারি অব্যাহত রেখেছে আইআরজিসি। গত ২০ মে ইরানি কর্তৃপক্ষ এ জলপথের তদারকি অঞ্চলের সীমানা নতুন করে নির্ধারণ করে। এরপর থেকে ইরানের নির্দেশনা ও অনুমতিপত্র মেনে বিভিন্ন জাহাজ চলাচল করলেও, মার্কিন ট্যাংকারটি অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Exit mobile version