শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিজল চাকমা ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এর আগে তিনি ৪৬তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সহকারী পরিচালক পদেও সুপারিশপ্রাপ্ত হন। ধারাবাহিক এই সাফল্যের মাধ্যমে তিনি মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হিজল চাকমার এই অর্জনে সহপাঠী, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫২১ জন। রবিবার (২৮ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
