parbattanews

হোয়াইক্যংয়ে বসতভিটের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

টেকনাফের হোয়াইক্যংয়ে চিহ্নিত দূর্বৃত্ত কর্তৃক ষাটোর্ধ বৃদ্ধ মো. ওসমানের বসতভিটের শতাধিক সুপারি গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ ওঠেছে। ৭ আগস্ট সকালে হোয়াইক্যংয়ে ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শাহপরীর দ্বীপ এলাকার গণি মিয়ার ছেলে মো. ওসমান বিগত ৮/৯ বছর আগেই হোয়াইক্যং লম্বা ঘোনা এলাকার চানু চাকমা থেকে বসতি জমি ক্রয় করেন। তখন থেকে তিনি পরিবার নিয়ে সেখানে বসতি করেন। তার তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে কাজের তাগিদে বাইরে ছিলেন। সেই সুবাধে জমি বিক্রেতার ছেলে ফিরিংগ্যা চাকমাসহ দুয়েকজন মিলে লম্বা কিরিচ দা নিয়ে প্রায় শতাধিক ৪-৫ বছর বয়সী সুপারি গাছ কেটে সাবাড় করে ফেলে। বাড়িতে কেউ না থাকায় ওসমানের ছোট ছেলে কিশোর মাহমুদুল হাসান বাঁধা দেওয়ায় তাকেও খুন করে ফেলার জন্য কিরিচ নিয়ে দৌঁড়ায়। বর্তমানে বৃদ্ধের পরিবারটি নিরপত্তাহীনতায় ভুগছেন।

বৃদ্ধের অপর ছেলে মো. আলী বলেন, ফিরিংগ্যা চাকমার পিতা চানু চাকমা থেকে জমি ক্রয় করে ৯ বছর ধরে বসবাস করে আসছি। বাড়িতে তেমন কেউ না থাকার সুবাধে কোনো কারণ ছাড়া ১’শ মতো সুপারি গাছ কেটে সাবাড় করে। এর আগেও বেশ কয়েকবার হামলা করতে এসে গাছগাছালি কর্তন করেছিল।’

স্থানীয় ইউপি সদস্য বাবুধন চাকমা জানান, তারা আমাকে সালিশের জন্য অভিযোগ করেছিল। বিষয়টি খতিয়ে দেখে পাওয়া যায় ওই ফিরিংগ্যা চাকমা মদ্যপ হয়ে এই জঘন্য কাজ করেছে বলে জানান এই ইউপি সদস্য। এতে সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

Exit mobile version