রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় আশ্রয় কেন্দ্র এবং দুর্যোগকবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১২ জুলাই কাপ্তাই আশ্রয়কেন্দ্র কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২০ জন অসহায়কে ত্রাণ সহায়তা তুলে দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।
এসময় সেক্টর কমান্ডার এবং কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) এর অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। বিতরণকালে কর্ণফুলি সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন এবং ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে বিতরণ শেষে সেক্টর কমান্ডার এবং ৪১ বিজিবির অধিনায়ক কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সহায়তা তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার এর সদস্যদের খোঁজ খবর নেন।
সেক্টর কমান্ডার বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু সংখ্যক পরিবার পানি বন্ধি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মহাপরিচালক এর নির্দেশে মানবিক সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
