২৫ কোটি টাকা কম খরচে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ক্রয় বিটিভির

fec-image

আগেরবারের চেয়ে ২৫ কোটি টাকা কম খরচে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কিনেছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। বিষয়টি বর্তমান সরকারের কৃতিত্ব দাবি করে ফেইসবুকে পোস্ট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

বিএনপির অফিসিয়াল ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানোর সম্প্রচারস্বত্ব কিনছে সরকার। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আগেরবারের চেয়ে এবার খরচ কমল ২৫ কোটি টাকা।’

বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করার বিষয়ে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায় যে, গত রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে।

উল্লেখ্য, এবার বসছে বিশ্বকাপের ২৩তম আসর। এটি ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এ তিন দেশের ১৬টি শহরে যৌথভাবে এ আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশে খেলা সম্প্রচার করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি হয়নি।

এদিকে বিক্রি করতে না পারায় স্বত্ব ছেড়ে দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ওই প্রতিষ্ঠান। এরপর বাংলাদেশ সরকার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন