parbattanews

সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণিল সাজে খাগড়াছড়ি

খাগড়াছড়িতে উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ প্রত্যাশিত ১৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়িবাসীর সাথে যুক্ত হয়ে এই সেতুগুলোর শুভ উদ্বোধন করবেন।

সেতুগুলো উদ্বোধন উপলক্ষে ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে খাগড়াছড়ি শহর। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মঞ্চ তৈরীর কাজ সম্পন্ন করেছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরী করা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের নবনির্মিত শতাধিক সেতুর সাথে দীর্ঘ প্রত্যাশিত খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে ১৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ উদ্বোধন অনুষ্ঠানে (গণভবনে) সভাপতিত্ব করবেন।

উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়িতে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।

Exit mobile version