parbattanews

৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্টগার্ড অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। গত বুধবার ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত ব্যাক্তিরা হচ্ছে কুমিল্লা জেলার আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নূর (২৩)।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোস্টগার্ড।
জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version