parbattanews

প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির ডিও লেটার দিলেন জেএসএস নেতা উষাতন তালুকদার এমপি

cht2 copy

স্টাফ রিপোর্টার:

প্রকাশ্যে রাঙামাটি মেডিকেল কলেজের বিরোধিতা ও আন্দোলন করলেও গোপনে সেই মেডিকেল কলেজেই ছাত্র ভর্তির জন্য মন্ত্রণালয়ের সচিবকে ডিও লেটার দিলেন রাঙামাটি জেলার সংসদ সদস্য ও জেএসএস নেতা উষাতন তালুকদার এমপি।একইভাবে কিছুদিন আগে জাতীয় সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ বিল পাশ হওয়ার প্রাক্কালে জেএসএস ও উষাতন তালুকদার এমপি প্রচণ্ড রকমভাবে জেলা পরিষদ এর সংশোধিত আইনের বিরোধিতা করেছেন। কিন্তু তিনিই আবার জেলা পরিষদের সংশোধিত আইন অনুসারে তাদের মনোনীত দু’জন বিতর্কিত ব্যক্তিকে জেলা পরিষদের সদস্য হিসাবে নিয়োগ দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে ডিও লেটার পাঠান। স্ববিরোধিতার এই চরম নজির গড়েছেন আদর্শিক রাজনীতির বুলি কপচানো এই সিনিয়র জেএসএস নেতা।

শুক্রবার রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পক্ষ থেকে এই প্রশ্ন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন।  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম এন সরোয়ার, জামাল উদ্দিন, মামুন মিন্টু, আব্বাস, যুগ্ন সম্পাদক ইয়াছিন খান, সাংগঠনিক সম্পাদক রিপন, উপ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন, শহর ছাত্রলীগের সভাপতি অপূর্ব বড়ুয়া, সাধারণ সম্পাদক সাইফুল আলম রাশেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ, সাধারন সম্পাদক আব্দুল জব্বার সুজন, ছাত্রলীগ নেতা ক্যালভিন চাকমা, প্রকাশ চাকমা প্রমুখ নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী জনসংহতি সমিতি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের উদ্যোগকে যে কোন মূল্যে প্রতিহত করার হুমকি দিয়ে পরিস্থিতি অন্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে, এটা অনাকাঙ্খিত। ইতিমধ্যে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের মাধ্যমে মেধাবীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আগামী ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।  বিশেষ এই দিনটাকে সামনে রেখে রাঙামাটিতে মেডিকেল কলেজ এর পাঠদান আগামী ১০ জানুয়ারী ২০১৫ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্ধোধন করবেন বলে আমরা জেনেছি। আমরা অত্যন্ত দু:খের সাথে লক্ষ করছি পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠন ও এ মহতী উদ্যোগের বিরোধিতা করে আসছে। একটি সভ্য দেশে কেউ শিক্ষা ও স্বাস্থ্যের বিরোধিতা করতে পারে না। কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং তাদের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) রাঙামাটি মেডিকেল কলেজ এর পাঠদান শুরুর দিন অবরোধ ঘোষণা করেছে।

ছাত্রলীগ নেতারা প্রশ্ন রাখেন, এ কেমন নির্লজ্জ্বতা-অসভ্যতা-সৌজন্যহীনতা-বিবেক বিবর্জিত শিক্ষা বিদ্ধেষী দলীয় অবস্থান জেএসএস-পিসিপি’র? তারা আলাপ আলোচনায় সরকারের ডাকে সাড়া দেন না, সহযোগীতা করেন না, কোন রকম ভুমিকা রাখেন না, আবার মর্জি মাফিক সুফল দাবী করেন। শুক্রবার রাঙ্গামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতৃবৃন্দ এই ক্ষোভ প্রকাশ করেন।

Exit mobile version