parbattanews

হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ–নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগে অংশ হিসেবে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে প্রণালিটি নিরাপদ রাখতে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

তবে অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং দেশটির গণমাধ্যম এবিসি রেডিও–কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের দেশ হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না।

তিনি বলেন, বিভিন্ন অনুরোধের বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট। বর্তমানে তাদের সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাত–কেন্দ্রিক। সেখানে বসবাসরত বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের নিরাপত্তা বিবেচনায় আকাশপথে প্রতিরক্ষা সহযোগিতার জন্য বিমান সরবরাহ করা হচ্ছে।

ক্যাথরিন কিং আরও বলেন, হরমুজ প্রণালির গুরুত্ব সম্পর্কে অস্ট্রেলিয়া অবগত। তবে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর মতো কোনো অনুরোধ তাদের কাছে আসেনি এবং এ ধরনের কোনো পদক্ষেপেও তারা অংশ নিচ্ছে না।

এদিকে ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ প্রকাশ্যে যুদ্ধজাহাজ পাঠাতে সম্মতি দেয়নি। যুক্তরাজ্য জানিয়েছে, তারা মিত্রদের সঙ্গে আলোচনা করছে কীভাবে প্রণালিটি পুনরায় চালু রাখা যায়। চীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সব পক্ষের দায়িত্ব।

অন্যদিকে জাপান জানিয়েছে, এমন অভিযানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ড খুবই কঠোর এবং বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একইভাবে ফ্রান্সও জানিয়েছে, তারা কোনো যুদ্ধ অভিযানে যোগ দেবে না।

সূত্র: আল–জাজিরা।

Exit mobile version