কুতুবদিয়া লেমশীখালী নয়া ঘোনা গ্রামে প্রেমিক রহিম উল্লাহর বিয়ের আসরে গিয়ে বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা জিন্নাত আরা (২০) একদিন পর হাসপাতালে মারা যান।
শনিবার (১৬) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। খবর পেয়ে দুপুরে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। বিয়ের আয়োজন দেখে সবার সামনে বিষপান করে সে।
পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টায় মারা যায় বলে স্থানীয় মেম্বার জালাল আহমদ জানান।
কুতুবদিয়া থানার ওসি মো: মাহবুবুল হক বলেন, বিষপানে তরুণীর বিষয়ে রবিবার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।