parbattanews

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০ জন নারী ও পুরুষের একটি দল। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

গতকাল রবিবার রাত ৯টার দিকে পেট্রাপোল থানা পুলিশ বিএসএফের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের গ্রহণ করে। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

দেশে ফিরে হুমায়ুন নামের এক ব্যক্তি জানান, কাজের সন্ধানে পাঁচ বছর আগে তিনি ভারতে যান। দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথ দিয়ে ভারতের তামিলনাড়ু যান। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করতেন। পরে ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাগারে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

Exit mobile version