ভোট গ্রহণের জন্য প্রস্তুত লক্ষ্মীছড়ির ১১টি কেন্দ্র: সেনবাহিনী ও বিজিবি মোতায়েন
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ১১টি কেন্দ্র এখন ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ দুর্গম প্রত্যান্ত এলাকা শুকনাছড়ি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে স্বচ্ছ ব্যালট বক্স ও প্রয়োজনীয় ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারটি লক্ষ্মীছড়ি জোন সদরে হেলি প্যাডে অবতরণ করে ৩বারে প্রায় ২১জন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিয়ে যাওয়া হয়। জেলায় একমাত্র লক্ষ্মীছড়ি উপজেলায় হতে যাওয়া নির্বাচনকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হবার মত কোন প্রকার ঘাটতি রাখা হয় নি। নিরাপত্তার দিক দিয়ে এবার উপজেলা নির্বাচনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
ভোট কেন্দ্রকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৮জন আনসার ভিডিপি, পুলিশ অফিসারসহ ৬ জন কনেস্টেবল থাকবে। রয়েছে প্রয়োজনীয় মহিলা আনসার ভিডিপিও। ট্রাস্ক ফোর্স অধিনায়ক লে: কর্ণেল মোয়াজ্জেম, পিএসসি এবং বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মাহমুদ এর পরিচালনায় ট্রাস্ক ফোর্স উপ-অধিনায়ক মেজর তানভীরের নেতৃত্বে ১১টি সেনাবাহিনীর বিশেষ টীম এবং এডি মো: ইদ্রিস এর নেতৃত্বে একটি টীমসহ ৩ প্লাটুন বিজিবি ৭টি টীমে ভাগ হয়ে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্যে ৩টি স্টাইকিং ফোর্স এবং ৪টি মোবাইল টীম হিসেবে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে। রামগড় সার্কেল সহকারি পুলিশ সুপার মো: শাহজাহান এর নেতৃতে পুলিশ সদস্যরা কেন্দ্রসহ মোবাইল টীম হিসেবেও কাজ করবে। এছাড়াও রয়েছে কেন্দ্র ভিত্তিক ১জন ম্যাজিস্ট্রেড, ৪জন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেড পর্যবেক্ষণে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল খালেক, সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আওয়াল, থানা ভারপ্রাপপ্ত কর্মকর্তা মো: বশির আহমেদ নির্বাচন মনিটরিং করবেন। গোয়েন্দা সংস্থার বিশেষ টীম, সাংবাদিক-পর্যবেক্ষক টীম ভোট কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে থাকছেন।
১১টি ভোট কেন্দ্রে ৫৭ বুথ রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১১জন প্রিসাইডি অফিসার, ৫৭ সহকারি প্রিসাইডি অফিসার, ১১৪জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রার্থীদের পোলিং এজেন্ট ছাড়াও প্রতটি প্রার্থীর নির্বাচনী এজেন্ট রয়েছে। মোট ভোটার ১৫ হাজার ৯’শ ৫ জন। তার মধ্যে পুরুষ ৮ হাজার ২’শ ৭৭ জন এবং মহিলা ৭ হাজার ৬’শ ৩০। লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৬হাজার ৪’শ ৭৪জন, দুল্যাতলী ইউনিয়নে ৩হাজার ৯’শ ৫৫জন ও বর্মাছড়ি ইউনিয়নে ৩হাজার ৮’শ ৭১জন ভোটার রয়েছে। ২৭ ফেব্রুয়ারি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষে করতে ইতিমধ্যেই দফায় দফায় সর্বশেষ অবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধীকবার ব্রিফিং দেয়া হয়েছে।



















