জ্বালানি সংকটে কিউবাজুড়ে ব্ল্যাকআউট

fec-image

তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মধ্যে কিউবাজুড়ে আবারও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে, যা গত চার মাসে তৃতীয়বারের মতো বড় বিদ্যুৎ বিভ্রাট।

বার্তা সংস্থা এপি জানায়, এর আগে এক সপ্তাহের কিছু বেশি সময় আগে কিউবার পশ্চিমাঞ্চলেও বিদ্যুৎ বিপর্যয়ে লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।

কিউবার জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, দেশটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেসব ইউনিটগুলো সচল ছিল, সেগুলোতে কোনো ত্রুটি ছিল না, তারপরও কেন এমন বিপর্যয় হলো তার তদন্ত করা হচ্ছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পরিচালক লাসারো গেরা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য তাদের কর্মীরা কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার কাজটি ধীরে ধীরে করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা সিস্টেমগুলো অল্প সমস্যাতেই আবার বিকল হয়ে যেতে পারে।

দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল জানিয়েছেন, গত তিন মাসের বেশি সময় ধরে কিউবায় তেলের সরবরাহ নেই। ফলে দেশটি বর্তমানে সৌরবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও পুরোনো তাপবিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করছে।

কিউবা এই সংকটের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, যে দেশগুলো কিউবাকে তেল সরবরাহ করবে, তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে।

বিদ্যুৎ সংকটের কারণে রাজধানী হাভানাসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্ল্যাকআউটের সময় মানুষকে অন্ধকারে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে দেখা গেছে, যা সংকটের তীব্রতা তুলে ধরছে। সূত্র: এপি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন