জম্মু-কাশ্মীর ইস্যুতে চিন–পাকিস্তানকে কড়া বার্তা ভারতের


চিন–পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের উল্লেখ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ বিষয়ে মন্তব্য করার অধিকার অন্য কোনও দেশের নেই। একই সঙ্গে চিন ও পাকিস্তানকে ‘নাক না গলানোর’ বার্তাও দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
চিন–পাকিস্তানের যৌথ বিবৃতির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জম্মু-কাশ্মীর এবং লাদাখ অতীতেও ভারতের অংশ ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই বিষয়ে ভারতের অবস্থান সুস্পষ্ট এবং সংশ্লিষ্ট সব পক্ষ তা জানে।”
শুধু কাশ্মীর প্রসঙ্গই নয়, চিন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা নিয়েও আপত্তি তুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, সিপিইসি-র একাধিক প্রকল্প ভারতের ভূখণ্ডের মধ্যে পড়ে, ফলে সেই প্রকল্পগুলিকে ভারত কখনও মেনে নেয় না। এ বিষয়ে বেজিং এবং ইসলামাবাদকে আগেও একাধিক বার আপত্তির কথা জানানো হয়েছে।
ভারতের আরও দাবি, চিন ও পাকিস্তানের মধ্যে তথাকথিত ‘আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা’র প্রশ্নই ওঠে না, কারণ দুই দেশের মধ্যে কোনও বৈধ সীমান্ত নেই। ১৯৬৩ সালে চিন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্তচুক্তিকেও ভারত বরাবরই অবৈধ বলে মনে করে।
এই ইস্যুতে ফের স্পষ্ট হল, জম্মু-কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নয় নয়াদিল্লি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা (অনলাইন ২৭ মে ২০২৬)

















