রাঙামাটিতে ল্যান্ডক্রুজার গাড়িসহ ৬’শ লিটার পাহাড়ি মদ আটক
আলমগীর মানিক,রাঙামাটি:
সরকারি গাড়ির আদলে বডি বাধাই করে এবং কালো গ্লাসের ফ্রেমে তৈরি ল্যান্ডক্রুজার গাড়িতে করে অভিনব কায়দায় পাচারের সময় ধাওয়া করে প্রায় ৬’শ লিটার পাহাড়ি চোলাই মদসহ একটি গাড়ি আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। শুক্রবার ভোর সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি আব্দুল লতিফ, এসআই নুরুজ্জামান, এসআই তৌহিদুল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় ধাওয়া করে পাহাড়ি মদসহ চট্টো মেট্রো-ঘ-০২-০০০২ নাম্বারের গাড়িটিকে আটক করতে ডিবি পুলিশ সক্ষম হলেও গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে গাড়ির ভেতরে রক্ষিত সাতটি বস্তায় পলিথিন মোড়ানো প্রায় ৬’শ লিটার চোলাই মদ উদ্ধার করে ডিবি পুলিশ। এই ঘটনায় ডিবি পুলিশের এএসআই সজীব বাদি হয়ে মাদ্রকদ্রব্য আইনে মামলা করেছেন বলে ডিবি সূত্র জানিয়েছে।
সম্প্রতি রাঙামাটি শহরে মাদকের ব্যবহার আশংকাজনকহারে বেড়ে যাওয়ায় প্রশাসন নড়েচড়ে বসে। আইন শৃংখলা সভায় উত্থাপিত চিত্রে দেখা গেছে, রেকর্ড অনুযায়ি গত মে মাসে মাদক দ্রব্য জনিত মামলা হয়েছে ৮টি, কিন্তু জুন মাসে ১৩টি মাদকের মামলা হয়েছে তাই মাদকের প্রতি বিশেষ নজর দেওয়া হয় আইন শৃংখলা সভায়। এ নিয়ে জেলা আইন শৃংখলা সভার মিটিংয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মোস্তফা কামালসহ উপস্থিত সচেতন মহল।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পার্বত্যাঞ্চলে পাহাড়ি সমাজের নিজেদের তৈরি ঐতিহ্যবাহি চোলাইমদ তৈরিতে নজরদারি করবে প্রশাসন। আর এ লক্ষ্যে জেলা পুলিশ সুপার আমেনা বেগমকে পুলিশি অভিযান জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তারই ধারাবাহিকতায় রাঙামাটি শহরে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।


















