রাঙামাটির ভূ-উপগ্রহ কেন্দ্রে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্রে কর্মরত অবস্থায় মো. মাশফিকুর রহমান (২৩) নামে এক পুলিশ কনেস্টেবল আত্মহত্যা করেছে। বুধবার ভোর ৬ টার দিকে এই ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত মাশফিকুর রহমান বগুড়ার জলেশ্বরী পাড়ার মাতলুবের রহমানের ছেলে।
ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটির এসপি আমেনা বেগম, এএসপি আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এএসপি আশরাফুজ্জামান বলেন, প্রাথমিক আলামতের ভিত্তিতে ঘটনাটি আত্মহত্যা মনে হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।
উপগ্রহ কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. আশরাফ জানান, নিহত মাশফিকুরের বিয়ে নিয়ে প্রায় তিন বছর ধরে তার এবং পরিবারের মধ্যে কলহ চলে আসছিল বলে শুনেছেন। এর রোষে এই আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছেন তার সহকর্মীরা।
তিনি বলেন, বুধবার ভোরে কর্মরত অবস্থায় টাওয়ার পোস্টে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে মাশফিক নিজের মুখমন্ডলের নিচে গুলি চালায়। এতে মাথা ভেদ করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘুমিয়ে থাকা সহকর্মীরা গুলির শব্দে জেগে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পায়।
পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনারর বিষয়ে নিহত পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে জানিয়েছে, কাউখালী পুলিশ।


















