দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়ন কর্মসূচি


দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কারবারি পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় ব্যাপক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রবিবার, ৭ জুন থেকে শুরু হওয়া উন্নয়ন কর্মসূচি চলবে ১৩ জুন শনিবার পর্যন্ত।
স্থানীয়দের কল্যাণে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ওষুধ, খাদ্যসামগ্রী বিতরণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সপ্তাহব্যাপী জনহিতকর এ উদ্যোগে উপকৃত স্থানীয় বাসিন্দারা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

















