পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে গ্রুপ সেরার লড়াই

fec-image

নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত দুই দলেরই। তবে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও হামেস রদ্রিগেসের কলম্বিয়া।

প্রথম দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল।

এই ম্যাচের গুরুত্ব শুধু গ্রুপসেরা নির্ধারণেই নয়, নকআউট পর্বের সম্ভাব্য প্রতিপক্ষও অনেকটা এর ওপর নির্ভর করছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ বত্রিশে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে। আর রানার্সআপ হলে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া কিংবা ঘানার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পর্তুগালের উইঙ্গার পেদ্রো নেতো জানিয়েছেন, সম্ভাব্য সমীকরণ নিয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে। তবে তাদের একমাত্র লক্ষ্য কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তিনি বলেন, “আমরা বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভেবেছি। কিন্তু আমাদের মানসিকতা একটাই—গ্রুপসেরা হওয়া। তাই অন্য কিছু না ভেবে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

২০২৪ সালের কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম দুই ম্যাচে আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। উজবেকিস্তানকে সহজে হারানোর পর কঙ্গোর বিপক্ষেও ধৈর্যের পরীক্ষা উতরে জয় তুলে নেয় তারা।

অন্যদিকে পর্তুগালের শুরুটা ছিল কিছুটা হতাশাজনক। কঙ্গোর বিপক্ষে আধিপত্য বিস্তার করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। তবে পরের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদো-ব্রুনো ফের্নান্দেসরা।

বিশেষ করে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন রোনালদো। তার ছন্দে ফেরা পর্তুগালের জন্য বাড়তি আত্মবিশ্বাসের উৎস।

তবে শেষ ম্যাচে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে পর্তুগালের সামনে। কাগজে-কলমে এগিয়ে থাকলেও কলম্বিয়ার শারীরিক সক্ষমতা, দ্রুত পাল্টা আক্রমণ ও সুসংগঠিত রক্ষণ পর্তুগালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

নেতো বলেন, “আমাদের লক্ষ্য একটাই—গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। ভালো ফুটবল খেলেই সেই লক্ষ্য অর্জন করতে চাই।”

অন্যদিকে কলম্বিয়ার সমীকরণ তুলনামূলক সহজ। ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠবে। তবে মায়ামির তীব্র গরম দুই দলের জন্যই বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন