বৈধ ভ্রমণ নথি না থাকায় ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক

fec-image

ভারত-নেপাল সীমান্তে বৈধ ভ্রমণ নথি ছাড়া নেপালে প্রবেশের চেষ্টার অভিযোগে এক কথিত মার্কিন নাগরিককে আটক করেছে ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি)। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্তে নিয়মিত টহলের সময় ৩৬ বছর বয়সী জর্ডান ব্রাউন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ, তিনি নির্ধারিত ইমিগ্রেশন চেকপোস্ট এড়িয়ে একটি অননুমোদিত পথ দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন।

জিজ্ঞাসাবাদে ব্রাউন নিজেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রায় ছয় বছর মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন বলে দাবি করেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।

তল্লাশিতে তার কাছ থেকে ৩১ হাজার ৪৬০ ভারতীয় রুপি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের পরিচয়, ভ্রমণপথ এবং ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে তিনি পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন।

ব্রাউনের দাবি, থাইল্যান্ড ভ্রমণের সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথে ভারতে প্রবেশ করেন। তিনি প্রায় আট মাস গোয়ায় অবস্থান করার পর বেঙ্গালুরু হয়ে উত্তর প্রদেশে এসে নেপালে যাওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেছেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ব্রাউনের দেওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেপাল, ভারত, মার্কিন নাগরিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন