শিল্পী এ্যানি দেওয়ানকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান
রাঙামাটি সংবাদদাতা:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক নৃত্য বিদেশের আঞ্চলিক সাংস্কৃতিক কার্যক্রমে তুলে ধরার জন্য রাঙামাটি শহরের হাসপাতাল এলাকার নৃত্য শিল্পী এ্যানি দেওয়ানকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পক্ষে থেকে নির্বাচিত করা হয়েছে। এ্যানি দেওয়ান আগামী ২৪ এপ্রিল জাপানের কালচারাল মঞ্চে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করবেন। রাঙামাটি থেকে এ্যানি দেওয়ান নির্বাচিত হওয়ায় এবং জাপান গমনের রোববার পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসময় তাকে ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ ও হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনছুর চৌধুরী উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা প্রদান কালে চেয়ারম্যান বলেন, রাঙামাটির নৃত্য শিল্পী এ্যানি দেওয়ান জাপানের মঞ্চে পার্বত্য অঞ্চলের চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে রাঙ্গামাটিসহ দেশের সুনাম ও সম্মান বয়ে নিয়ে আসবে। তিনি এ ধরনের প্রতিভাবান শিল্পীদের পাশে সবসময় জেলা পরিষদের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, এ্যানি দেওয়ান রাঙামাটি, ঢাকা ‘আদিবাসী মেলা’, পঞ্চগড়, রাজশাহী, ইন্ডিয়াসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রাঙামাটির সম্মান বৃদ্ধি করেছেন।


















