আনন্দঘন পরিবেশে বান্দরবানের রুমায় ভোটগ্রহণ চলছে

fec-image

বান্দরবানের রুমায় উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্রের ৫১টি কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ এবং আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেলা ১০টার পর থেকে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করে।

রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে।

দুপুরের দিকে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পায়। একই অবস্থা বিরাজ করছে পলিকা পাড়া, কঙ্গু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুমা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে। আনন্দঘন পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রুমা উপজেলায় চারটি ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২টি কেন্দ্রে হেলিপথ এবং ৪টি কেন্দ্রে নৌপথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। মোট ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ১০ শতাংশ রিজার্ভসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসারসহ মোট ১৭৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রুমা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৭৫ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৪৬ জন।

ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জামের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ এসআই ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে ১৯টি কেন্দ্র তদারকিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বান্দরবান, রুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন