‘আল্লাহ, রাসুল (সাঃ) ও কেবলার প্রতি বিশ্বাসী সবাই মুসলিম উম্মাহ্’

এক আল্লাহ, রাসুল মোহাম্মদ (সাঃ) ও কেবলাকে যারা বিশ্বাস করেন ও মনেপ্রাণে ধারণ করেন তারা সবাই ভাই ভাই ও মুসলিম উম্মাহ্। আকিদা ও মতাদর্শে ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম উম্মাহ্ হিসেবে আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে মাথা নত করি, রাসুল মোহাম্মদ (সাঃ) কে ধারণ করি এবং সামনে কেবলাকে রেখে সিজদাহ্ দেই তাহলে আমরা এতো বিভক্ত কেন ।
শনিবার সকালে চট্টগ্রাম লালখান বাজার জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদরাসায় আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব বলেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি। চট্টগ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি ইযহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারির শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী।
সেমিনারে বক্তারা আরও বলেন পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশ থাকলেও আকিদা নিয়ে টানাটানির কারণে আজ ইয়াহুদী খৃস্টান দেশগুলো সুযোগ নিয়ে মুসলিম দেশ গুলোকে বিভক্ত করে ফেলছে এবং ইসরায়েল আমেরিকা মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যেভাবে ইসরায়েল আমেরিকাকে যুদ্ধের মাঠে সঠিক জবাব দিয়েছে, বিজয় ছিনিয়ে নিয়েছে ঠিক তদরুপ সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতী আবু সাফওয়ান, মুফতি নুরুল হক বুখারী, মাওলানা আজিজুল হক ও মাওলানা আবু সালেহ।
















