পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অভিনন্দন।
তিনি আরও বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
উল্লেখ্য, আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

















