পার্বত্য অঞ্চলবাসীসহ বাংলাভাষীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য জাতিসত্তা : মির্জা ফখরুল

fec-image

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান এবং বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনসাধারণকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ এপ্রিল) এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  ‘বাংলাদেশে বিভিন্ন নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় উৎসবেরই অনুসঙ্গ। পার্বত্য অঞ্চলবাসীসহ বাংলাভাষীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য জাতিসত্তা। পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু এবং নববর্ষ উপলক্ষে সকল সম্প্রদায়ের প্রতি রইল আমার অকৃত্রিম শুভেচ্ছা’।

তিনি বলেন,  ‘আমাদের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে পাহাড়ী বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির। উল্লিখিত উৎসবগুলি পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মব্যাপ্তির গুরুত্বপূর্ণ উপাদান। তাদের সৌন্দর্যমন্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্রে অসাধারণ রুপ করেছে’।

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় সংস্কৃতি উল্লেখ করে, মির্জা ফখরুল বাণীতে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় সংস্কৃতির মর্মস্থলে প্রোথিত। মানুষে মানুষে আত্মিক বন্ধনের সুর আমাদের মৃত্তিকা থেকে উৎসারিত। বাংলার রাঙা মাটির পথে পথে শান্তি ও সহাবস্থানের গানই যুগ যুগ ধরে গীত হয়েছে। শ্রদ্ধাহীন স্পর্ধার সংস্কৃতি আমাদের ঐতিহ্যে কখনো স্থান পায়নি’।

দেশের সকলের সমান অগ্রগতি ও বিকাশ কামনা করে তিনি বলেন,’আমি এদেশের সকল নৃ-গোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করি। বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান সুন্দর ও সার্থক হোক। বাংলা নববর্ষে সবার জীবন আনন্দঘন ও সুখময় হোক মনেপ্রাণে এটিই কামনা করি’।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন