বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে চীনের প্রতিক্রিয়া


ভারতের উদ্বেগ সত্ত্বেও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের (টিআরসিএমআরপি) প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে বাংলাদেশের সঙ্গে তার সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের গুরুতর উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন,”আমি জোর দিয়ে বলতে চাই যে, চীন-বাংলাদেশ সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় পক্ষ নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত।
তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের খুব কাছে অবস্থিত হওয়ায় ঢাকার সঙ্গে চীনের এমন উদ্যোগ ভারতের উদ্বেগের প্রধান কারণ।
তবে চীন এই প্রকল্পটিকে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে। মুখপাত্র জিয়াকুন বলেন, তিস্তা নদীর সর্বাত্মক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার একটি জীবনযাত্রাকেন্দ্রিক প্রকল্প, যাকে বাংলাদেশ পক্ষ অত্যন্ত উচ্চ গুরুত্ব দেয়। এই প্রকল্পে যথাসম্ভব সহযোগিতা করতে চীন সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে আরও বৃহত্তর সমন্বয় সাধন এবং অর্থনৈতিক, বাণিজ্য, পানিসম্পদ ও জীবনযাত্রার মানোন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়াতে চীন প্রস্তুত রয়েছে।
কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন নেক’ নামেও পরিচিত, তার কাছাকাছি নদীটির অবস্থান হওয়ায় চীনের সম্পৃক্ততাকে ঘিরেই ভারতের উদ্বেগ।
এই অঞ্চলে বহিরাগত প্রভাবের যেকোনো বিস্তার, বিশেষ করে চীনের উপস্থিতি, ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী করিডোরটির জন্য সম্ভাব্য কৌশলগত দুর্বলতা তৈরি করতে পারে।
সূত্র: এনডিটিভি















