parbattanews

মহেশখালী চ্যানেল থেকে ১৬ রোহিঙ্গা নারী পুরুষ আটক

মহেশখালী থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মহেশখালী চ্যানেল থেকে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গাকে আটক করেছে।

বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহেশখালী চ্যানেলে এ অভিযান চালানো হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় পাচার কাজে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজার-মহেশখালী নৌরুটে সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী কাঠের বোটযোগে সন্দেহজনক কিছু রোহিঙ্গা নারী-পুরুষ যাতায়াত করছে মর্মে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে তথ্য আসে।

বৃহস্পতিবার সন্ধ্যার পরেও এ ধরণের রোহিঙ্গা নারী-পুরুষ আসার সংবাদে মহেশখালী-কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশ মহেশখালী চ্যানেল থেকে অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে। অপরদিকে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র কর্তৃক মহেশখালী দ্বীপে নিয়ে আসা হচ্ছিল।

এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

Exit mobile version