প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাঙামাটি মেডিকেল কলেজের উদ্বোধন করবেন: প্রতিবাদে পিসিপি’র অবরোধ
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন রাঙামাটি মেডিকেল কলেজের। এ উপলক্ষে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে রাঙামাটি মেডিকেল কলেজের বিরোধিতাকারী যে কোন অপশক্তিকে রাজপথে কঠোরভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতারা।
রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্র লীগের সভাপতি শাহ এমরান রোকন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সদর থানা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তারা যারা মেডিকেল কলেজের বিরোধিতা করছে তাদেরকে পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করার আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান ।
পরে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভা চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চত্বরে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমা সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। তাদের দাবি পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।
সম্প্রতি শেষ হয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম। কলেজ স্থাপন নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের আপত্তি থাকলেও এ পর্যন্ত ৪৭ শিক্ষার্থীর মধ্যে পাহাড়ি কোটায় ৭ উপজাতি শিক্ষার্থী ও তিন বাঙালি শিক্ষার্থী ভর্তি হয়েছে।
কলেজ সূত্র জানা গেছে, কলেজে প্রথম ব্যাচের জন্য ৫১ শিক্ষার্থীকে বাছাই করা হয়। গত ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথম ব্যাচের ৫১ শিক্ষার্থীর মধ্যে শেষ দিন পর্যন্ত কলেজে ভর্তি হয়েছে ৪৭ শিক্ষার্থী। পাহাড়ি কোটায় ২৫ শতাংশ হিসেবে পার্বত্যাঞ্চল থেকে ১৩ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়। এর মধ্যে তিন পার্বত্য জেলা থেকে একজন করে তিন বাঙালি শিক্ষার্থী পাহাড়ি কোটায় ভর্তির সুযোগ পায়। বাকী দশ উপজাতি শিক্ষার্থীর মধ্যে সাত শিক্ষার্থী ভর্তি হলেও তিন শিক্ষার্থী ভর্তি তালিকায় নাম থাকার পরও ভর্তি হয়নি বলে জানা গেছে। তবে ওয়েটিং লিস্ট থেকে বাকীদের নিয়ে শনিবার থেকে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।



















