সাংবাদিকদের কাছ থেকে এমন সমালোচনা চাই, যেটা দেশকে এগিয়ে নেবে : তারেক রহমান

fec-image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, দেশের মানুষের সমর্থন পেয়ে সরকার গঠনে সক্ষম হলে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা চাই যেটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে। শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা চাই যাতে আমরা মানুষের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হই।

১০ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আমলে আপনাদের সাথে যা ঘটেছে তা একদমই জানি না, তা নয়। আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। কোনো অবস্থায়ই ৫ই আগস্টের পূর্বে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থা থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, ২০২৫ সালে ৩১ ডিসেম্বর একটি জানাজা এবং আরেক পাশে ২০২৪ সালে ৫ আগস্টের একটি ঘটনা। আমার মনে হয়, এটি আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী, সদস্য ও সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ। বাছবিচার করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ এই যে, ৫ আগস্টে ফিরে যাওয়ার কোনও কারণ নেই আমাদের।

তারেক রহমান বলেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আর আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে।

তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন সামানে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। আমাদের মতপার্থক্যগুলো নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস-যেটা আমরা ইনশাআল্লাহ ১২ তারিখ থেকে শুরু করতে যাচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের প্রতিশ্রুতি ও পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের কর্মী। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা জনগণের সামনে জানাব।

বিএনপির এই আয়োজনে উপস্থিত হবার জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যারা আমাদের আমন্ত্রণে কষ্ট করে এসেছেন সকলকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

‘আমাকে মাননীয় বলবেন না’
বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে উল্লেখ করেছেন, তাকে যেন মাননীয় শব্দ বলে সম্মোধন না করা হয়। ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের কঠিন সময়ে জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সে সুযোগ তিনি চেয়েছিলেন। আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্যনিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন