parbattanews

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী আটক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পরিবারকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাঙামাটির রাজস্থলীতে রাসেল মাহমুদ (৪০) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক রাসেল মাহমুদ রাজস্থলী উপজেলা হেফাজত ইসলামের সহ-দপ্তর সম্পাদক।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহম্মদ।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার নিজের ব্যক্তিগত ফেইসবুক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।

পরে শনিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে রাসেল মাহমুদ তার ফেইসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি ‘অতিরঞ্জিত’ ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন।

ক্ষমা প্রার্থনার ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দাবিও করেন।

এ প্রসংগে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, অভিযুক্ত রাসেল বিএনপির রাজনীতির সাথে জড়িত নন।

Exit mobile version