আগের নির্বাচনে কতজন মারা গেছে, টিআইবিকে জিজ্ঞেস করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বচ্ছতার জন্য আগের নির্বাচনের সহিংসতার পরিসংখ্যান জানতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কাছেই প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টিআইবির প্রতিবেদনে তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য উল্লেখ করে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবির রিপোর্ট আমি না করবো না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।
তিনি বলেন, সংঘাত হচ্ছে মূলত নিজেদের ভেতরেই। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক সময় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে এবারের পরিস্থিতি আগের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো। “সবাই এখন নির্বাচনমুখী। আল্লাহ চাইলে পরিস্থিতি অনেক ভালো থাকবে, বলেন তিনি।
সহিংসতা বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, তবে কিছু ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
৫ আগস্টের পর সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বক্তব্য সঠিক নয়। সুন্দরবন যদি জলদস্যুদের দখলে থাকত, তাহলে এত পর্যটক সেখানে যেতে পারত না। সুন্দরবন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনে সহিংসতা চ্যালেঞ্জ হবে কি নাএ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্টগার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।
















