এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘রইদ’

fec-image

বাংলাদেশের চলচ্চিত্র রইদ’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ভিয়েতনামে অনুষ্ঠিত তৃতীয় দা নং এশীয় চলচ্চিত্র উৎসবের সমালোচক বিভাগে সেরা এশীয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমা।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি লেখেন, “দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশীয় চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।”

পোস্টে তিনি আরও বলেন, “আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের প্রতি আস্থা রাখার জন্য বিচারক কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাংসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এর আগে ‘রইদ’ উৎসবের এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। এবার সমালোচকদের বিচারে সেরা এশীয় চলচ্চিত্রের স্বীকৃতি অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রের আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করল সিনেমাটি।

‘রইদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। চলচ্চিত্রটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য রচনা করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

সিনেমাটির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জের মনোরম লোকেশনে। এতে অনেক নতুন অভিনয়শিল্পী প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাঁদের প্রস্তুত করতে নির্মাতারা প্রায় ছয় মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছিলেন।

উল্লেখ্য, মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন করে সম্মানিত করল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন