কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলায় মেতেছেন মেসুত ওজিল


কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলের সাবেক মেগাস্টার ওজিলসহ ১১ সদস্যের প্রতিনিধি দলটি খেলা শেষে ইফতার করেন রোহিঙ্গাদের সাথে। পরিদর্শন করেছেন তুর্কি সরকার পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে যান তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা ( TIKA ) পরিচালিত এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনে।
সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে সেলফি বন্দী হন প্রাক্তন ফুটবলার ওজিল ও তুরস্ক প্রেসিডেন্টপুত্র। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলার মাঠে রোহিঙ্গাদের সাথে চ্যারেটি ফুটবল ম্যাচে অংশ নেন জার্মানীর হয়ে বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসুত ওজিল।

এসময় ওজিল ওজিল ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে মাঠের চারপাশের গ্যালারী।
পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেছেন, রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে; সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে৷ পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি৷

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রমজানে রোজার প্রথম ইফতার পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আহার করা তুর্কি জনগণের ঐতিহ্যগত সংস্কৃতি। তারই অংশ হিসেবে তাদের এই সফর।
এর আগে সকাল পৌণে ১১ টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দল। পরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় রোহিঙ্গাদের সাথে ইফতার করেন মেসিত ওজিল ও তুরস্ক প্রেসিডেন্টপুত্র।
















